চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম
চট্টগ্রামে আট মাসের বকেয়া বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ইপিজেডের জেএমএস গার্মেন্টস লিমিটেড—এর শ্রমিকরা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয় ।
শ্রমিকদের তিনদফা দাবিগুলো হলো - ৪ ডিসেম্বরের মধ্যে পাওনার তালিকা ও পে-স্লিপ প্রদান, ইপিজেড শ্রম আইনে পাওনা নির্ধারণ, ১১ ডিসেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ। এসব দাবি মানা না হলে ১৩ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, কারখানা মালিক মোস্তফা মাহমুদ নানা অজুহাতে বছরের পর বছর বকেয়া আটকে রেখেছেন। ৪ জুন ২০২৫ কারখানা বন্ধের নোটিশ দিলেও পরিশোধ করেননি কোনো পাওনা।
মালিকের অন্য দুই গার্মেন্টসে বেতন নিয়মিত দেওয়া হলেও জেএমএসের শ্রমিকদের নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। বর্তমানে পাঁচ মাসের বেতন, ছুটির টাকা, গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডসহ বহু পাওনা বকেয়া বলে দাবি করেন শ্রমিকরা।
প্রতি মাসের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ কাটা ৮.৩৩ শতাংশ টাকা দলিলিক ও দাউ মানিক কর্তৃক আত্মসাৎ করার অভিযোগও রয়েছে, যা ফৌজদারি অপরাধ।
শ্রমিকরা জানান, অভাবের তাড়নায় অসুস্থ সন্তানদের চিকিৎসা, বৃদ্ধ বাবা-মায়ের ওষুধ, এমনকি পরিবারের খাবার যোগাতেই তারা হিমশিম খাচ্ছেন। নতুন চাকরিও মিলছে না।
তারা আরও অভিযোগ তুলে বলেন, বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষের কাছে বহুবার ধর্না দিলেও সুরাহা হয়নি। বরং দেখা যাচ্ছে পক্ষপাতমূলক আচরণ।