রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম
বাগেরহাটের রামপালে গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিতে পল্লী চিকিৎসকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করায় সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা প্রদান, রোগীর অবস্থা শনাক্ত করা এবং প্রয়োজনে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার ক্ষেত্রে তাদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার প্রথম সারির যোদ্ধা পল্লী চিকিৎসকরা। আধুনিক চিকিৎসা জ্ঞান, নৈতিক দায়িত্ববোধ ও সেবার মান বৃদ্ধি করতে তাদের নিয়মিত প্রশিক্ষণ ও তদারকি প্রয়োজন। পল্লী চিকিৎসকরা যত দক্ষ হবেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা তত সহজলভ্য হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে গ্রামীণ জনস্বাস্থ্য আরও শক্তিশালী হবে।
সভায় পল্লী চিকিৎসকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা গ্রামীণ চিকিৎসা সেবাকে আরও কার্যকর করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
আলোচনা শেষে পল্লী চিকিৎসকদের মাঝে স্বাস্থ্যসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সকলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।