ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪২ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে হত্যা করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। নিতি মালয়েশিয়ায় পড়াশোনা করতেন, চার মাস আগে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল। আর থানায় আত্মসমর্পণকারীর নাম অহিদুল ইসলাম অনিক (২২)। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মুনতাসীর ফাহিম ও অহিদুল ইসলাম অনিক বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারাল ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় আসেন। সেখানে গিয়ে ডিউটি অফিসারকে জানান, তিন তার বন্ধুকে হত্যা করেছেন। এসময় তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিম পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকত। ফাহিমকে অনিক ডেকে নিয়ে যেত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করছি।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মো. গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে হত্যা করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে সেই বিরোধ কী তা এখনও স্পষ্ট হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখার কথাও বলেছেন ওসি।