কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:০৩ পিএম
সাহেবরামপুর বাজারে অগ্নিকাণ্ডে মালামালসহ তিনটি দোকানঘর পুড়ে ছাই। প্রবা ফটো
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সাহেবরামপুর বাজারে হঠাৎ একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ৯৯৯–এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে তিনটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও জানা যায়নি।
ব্যবসায়ীরা জানান, আগুনে মূল্যবান মালামাল পুড়ে যাওয়ায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে ক্ষতি কোটি টাকা ছাড়াতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সাদ্দাম কাজী বলেন, আমার পাশের দোকান থেকে আগুন লেগে আমাদের তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্বপ্নগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।
কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদ্দার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমাদের উপস্থিতির কারণে আরও বড় ক্ষতি থেকে বাজারের অন্যান্য দোকান রক্ষা পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করা হবে।