উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৬:৪১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৬:৪২ পিএম
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন ও ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–১৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কক্সবাজার আদালতে তাদের পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাতে র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের সিপিসি–২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার হাজিরপাড়া ও তেলখোলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার রাজা পালন ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মৃত মীর কাসেমের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩২) ও পালংখালী ইউনিয়নের তৈলখোলা চাকমা পাড়া গ্রামের মংপু চাকমার ছেলে রুপন কুমার চাকমা (২৫)।
কক্সবাজার র্যাব–১৫ সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে হোয়াইক্যং ক্যাম্পের সিপিসি–২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার হাজিরপাড়া ও তেলখোলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এদের মধ্যে শাহজাহান মাদক মামলায় যাবজ্জীবন এবং রুপন কুমার চাকমা ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল। বৃহস্পতিবার কক্সবাজারে আদালতে প্রেরণ করা হয়েছে।