প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১০:৩৩ এএম
কুষ্টিয়া পৌরসভা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এসএনভি (SNV)-এর যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল তিনটায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে (পুকুরপাড়) অনুষ্ঠিত হয় ‘গৃহস্থালি পর্যায়ে কঠিন বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম’-এর উদ্বোধনী অনুষ্ঠান।
কুষ্টিয়াকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই ‘শূন্য বর্জ্যের শহর’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগকে একটি গুরুত্ববহ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে কুষ্টিয়া পৌরসভায় প্রতিদিন প্রায় ৫৬ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র ৩৫ টন সংগ্রহ করে ল্যান্ডফিল সাইটে নেওয়া সম্ভব হচ্ছে। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি ও সীমিত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার কারণে বর্জ্যের পরিমাণ ক্রমাগত বাড়ছে—যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে আধুনিক, অংশগ্রহণমূলক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি।
এই বাস্তবতাকে সামনে রেখে ৫নং ওয়ার্ডের ২৬০০ পরিবারকে অন্তর্ভুক্ত করে এসএনভির সহায়তায় একটি পাইলট উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে কুষ্টিয়া পৌরসভা। এর মূল লক্ষ্য উৎসে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তোলা। প্রতিটি পরিবার প্রতিদিন নিজ ঘর থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে পৌর ভ্যানে প্রদান করবে। সংগৃহীত পচনশীল বর্জ্য থেকে উৎপাদিত হবে জৈব সার, আর প্লাস্টিকসহ অপচনশীল উপকরণ স্থানীয়ভাবে পুনর্ব্যবহার করে নতুন পণ্য উৎপাদন সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. শওকত হোসেন ভুঁইয়া, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া, রাজু আহমেদ, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধি:দপ্তর, কুষ্টিয়া, আবু তৈয়ব মো. ইউনুস আলী, জেলা শিক্ষা অফিসার, কুষ্টিয়া, পৌর নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান, সহকারী প্রকৌশলী (পানি ও স্যানিটেশন) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ ও SUWC প্রকল্পের ফোকাল পারসন রানভীর আহমেদ এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল ইসলাম, এসএনভি SUWC এর রাজশাহী ক্লাষ্টার কো-অর্ডিনেটর মো. রেজাউল হুদা মিলন, প্রাইভেট সেক্টর কোঅর্ডিনেটর মো. মিজানুর রহমান, নলেজ ম্যানেজমেন্ট অফিসার মাহতাব উদ্দীন চৌধুরী এবং প্রজেক্ট অফিসার নবনীতা সাহা।
পৌর প্রশাসক মো. মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও অংশগ্রহণ গুরুতবপূর্ন। তিনি আরো বলেন, পরিবর্তনের সূচনা হবে নাগরিকের হাত থেকেই। আমাদের যৌথ প্রয়াসই কুষ্টিয়াকে শূন্য বর্জ্যের শহরে রূপান্তরিত করবে। ‘পৃথক বর্জ্য, পৃথক বিন’—এই দৈনন্দিন অভ্যাসই পরিচ্ছন্ন কুষ্টিয়ার ভিত্তি।
৫ নং ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরনের এই উদ্যেগ সম্পর্কে তিনি বলেন, ৫নং ওয়ার্ডকে মডেল ধরে নিয়ে বর্জ্য পৃথকীকরণের এই দৃষ্টান্ত অন্যান্য ওয়ার্ডেও ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে কুষ্টিয়া পৌরসভা তার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পুরো শহরকে একটি শুন্য বর্জ্যের শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে এই উদ্যেগে সহযোগিতার জন্যে তিনি এসএনভি এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিলো; প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও বর্জ্য সংগ্রাহকদের পরিচিতি প্রদান, প্রতীকী বিন হস্তান্তর, এসএনভি নির্মিত মেটেরিয়ালস রিকভারি ফ্যাসিলিটি (MRF)-এর আনুষ্ঠানিক হস্তান্তর, বর্জ্য পৃথকীকরণে নাগরিক শপথ গ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং 'বর্জ্য থেকে সম্পদ' প্রদর্শনী কর্নার পরিদর্শন।
কুষ্টিয়া পৌরসভা সকল নাগরিককে সামগ্রিক কার্যক্রম অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং পরিচ্ছন্ন শহর বিনির্মাণে সম্মিলিত প্রতিশ্রুতির অংশীদার হওয়ার অনুরোধ করেছে। উদ্যোগটির মূল বার্তা— 'নিয়ম মেনে পৃথক বর্জ্য, পৃথক বিন – পরিচ্ছন্ন কুষ্টিয়া প্রতিদিন।'