ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজন করা প্রতিবাদ সমাবেশের আগেই হামলার শিকার হয়েছেন দুই বাউল শিল্পী।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সারোয়ার আলম খান বলেন, বুধবার দুপুরে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সমাবেশের আগে কোর্ট চত্বরে অবস্থানরত দুই বাউল শিল্পীকে একদল উৎসুক জনতা একা পেয়ে হামলা ও মারধর করে।
ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, বাউল শিল্পীরা নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কোর্ট চত্বরে জড়ো হচ্ছিলেন। এ সময় একদল উশৃঙ্খল লোক কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। তিনি এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার। কিন্তু বাউল শিল্পীদের ওপর যে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
ওসি সারোয়ার আলম খান বলেন, বাউল শিল্পীদের বলেছি আপনাদের অভিযোগ থাকলে লিখিতভাবে থানায় দেন। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।