বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৯ পিএম
স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় বরগুনা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শিপন (৪৫) কে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর থেকে স্ত্রীকে ধারাবাহিকভাবে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন সাইফুল ইসলাম। চার বছর আগে ঘর নির্মাণের জন্য স্ত্রীকে শ্বশুরের কাছ থেকে তিন লাখ টাকা আনতে বাধ্য করেন তিনি। গত বছর ফ্ল্যাট কেনার জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করলে ভুক্তভোগী অসম্মতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে শারীরিক নির্যাতন করা হয় তাকে। পরবর্তী সময়ে আদালতে মামলা দায়ের হলে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়।
এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আব্দুল ওয়াসী মতিন বলেন, ‘এই রায় আইনগতভাবে সঠিক হয়নি। বাদী দীর্ঘদিন বাবার বাড়িতে থাকেন, তাদের দেখা সাক্ষাৎই নেই। মিথ্যা দাবির ভিত্তিতে মামলা করা হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
প্রসিকিউশন জানায়, যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ১১(গ) ধারায় সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।