বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:০৪ পিএম
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ চিংড়ি মাছের ঘেরের পাড় থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে দাউদ মাঝির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মো. সৈয়দ মাঝির ছেলে।
গ্রামবাসীরা জানান, দাউদ মাঝি ওই এলাকার ক্ষিরোদ মাঝি ও মনি ঠাকুরের জমি নগদ জমায় (ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করতেন। সোমবার ভোরে তিনি ওই মাছের ঘেরে কাজ করতে যান। তারপর এলাকার লোকজন ঘেরে গেলে তার মরদেহটি মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ পৃষ্টে হয়ে দাউদ মাঝির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।