ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১১:৪৩ এএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে আলগী ইউনিয়নের হরিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ নভেম্বর ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের নেতৃত্ব দেন বুলবুল। প্রায় চার ঘণ্টা স্থায়ী ওই অবরোধে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে, যেখানে বুলবুল ছিলেন অন্যতম আসামি।
এর আগে ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন করে আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে এলাকায় আন্দোলন শুরু হলে তৌহিদুর রহমান বুলবুল সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। গত ১৫ সেপ্টেম্বর সেই আন্দোলনের সময় ভাঙ্গা থানাসহ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় দায়েরকৃত মামলারও আসামি ছিলেন তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি বুলবুলকে আমরা গ্রেপ্তার করেছি।’