আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:২৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২০:৩১ পিএম
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. শহীদুল্লাহ (৩১) নামের এক কুখ্যাত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে শনিবার বিকাল পৌঁনে ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শহীদুল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে। তিনি পেশাদার ও কুখ্যাত মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকালে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার জনৈক রুহুল আমিনের বাড়ির সামনে কতিপয় মাদককারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচা-কেনো করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মো. আনোয়ার হোসেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শহীদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভারের আশুলিয়া ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার মাদককারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আশুলিয়া থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।