সিলেট অফিস
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:২৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২০:৫৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা কৃষিজমি হিসেবে ৫ দশমিক ২ একর দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ২৯ একরের তথ্য পাওয়া গেছে। দুদক এ বিষয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি।
রবিবার (২৩ নভেম্বর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, যে দলেরই হোক, সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দলের—এটা বড় বিষয় নয়; দেখতে হবে ব্যক্তি সৎ কি না। দুদকের মামলার আসামি হওয়ার সম্ভাবনা থাকা ব্যক্তিকে গ্রহণ করলে পূর্বের মতোই পরিণতি হবে মন্তব্য করে তিনি বলেন, প্রার্থীরা হলফনামায় দেশি–বিদেশি আয়ের হিসেব দেন। কেউ গোপন করলে তা খুঁজে বের করে দেশবাসীর সামনে তুলে ধরার দায়িত্ব আপনাদের—গণমাধ্যমের।
কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সিলেটে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি বা বঞ্চনার শিকার হওয়া নাগরিকরা মোট ৭৩টি অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। গণশুনানিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কের কাজে ধীরগতি, অনিয়ম এবং সিলেট-ঢাকা রুটে বিমানের টিকিটের উচ্চমূল্যসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম প্রমুখ। এতে সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। পরে এসব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়।