লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২০:১৮ পিএম
বান্দরবান-৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ বাড়ছেই। প্রতিদিন জেলার কোনো না কোনো স্থানে নেতাকর্মীরা পদযাত্রা, বিক্ষোভ, সমাবেশ মিছিল করছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ নভেম্বর) লামায় দলের নেতাকর্মীরা পদযাত্রা করেছে। সকালে লামা বাসস্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা অংশ নেয়, পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, উসাপ্রু মারমা, মহিলা নেত্রী তাহুরা বেগম, বিএনপি নেতা থোয়াহ্লা চিং কারবারি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথে জাবেদ রেজা ছাড়া কোনো নেতা ছিল না, সংগঠনকে এককভাবে আগলে রেখেছিলেন তিনি। দলের কঠিন সময়েও জাবেদ রেজা নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিসহ সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। অথচ আজ তাকে বাদ দিয়ে সাচিং প্রু জেরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা এতে ব্যথিত ও ক্ষুদ্ধ। আগামী সংসদ নির্বাচনে ৩০০ নম্বর আসন থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হতে গেলে অবশ্যই জাবেদ রেজাকে মনোনীত করা উচিত। অবিলম্বে এই আসনের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।
সম্প্রতি বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এর পর থেকেই দলের মাম্যাচিং ও জাবেদ রেজা গ্রুপের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করছেন।