নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ২০:০৬ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মীর হোসেন সাদ্দাম হত্যার বিচার ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করছেন তার পরিবার, স্বজন এবং এলাকাবাসী।
রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় নোয়াখালী
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,
সাদ্দামকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের বেশিরভাগই আদালত থেকে জামিনে বের হয়ে
এসে নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। ইতোমধ্যে দুইজন আসামি জামিন নিয়ে
বিদেশে পালিয়ে গেছে বলেও অভিযোগ ওঠে। অদৃশ্য মহলের প্রভাবে একের পর এক আসামি জামিনে
বের হয়ে যাওয়ায় সাদ্দামের স্ত্রী ও পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
নিহত সাদ্দামের স্ত্রী সুবর্ণা আক্তার
কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বয়স মাত্র ১৯। নয় মাসের শিশু কোলে নিয়ে আমাকে বিধবা হতে
হলো। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তারাই আবার জামিনে এসে আমাদের হুমকি দিচ্ছে।
আমরা ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছি।
সাদ্দামের মা মমতাজ বেগম বলেন, আমার
ছেলেকে নিষ্ঠুরভাবে হত্যা করে প্লাস্টিকে মুড়িয়ে সেফটিক ট্যাংকে ফেলে রেখেছে। এখন তারা
জামিনে বের হয়ে আমাদেরই হুমকি দিচ্ছে। আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন সোহেল
বলেন, পুলিশ আসামি গ্রেপ্তার করলেও অদৃশ্য কারণে সবাই জামিনে বের হয়ে যাচ্ছে। কার ইশারায়
তারা জামিন পাচ্ছে? আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধনে জেলা যুবদলের সহ-সাধারণ
সম্পাদক মুরাদ জিয়াউর রহমান সুমন, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মহিন উদ্দিন,
ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মঞ্জুসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনরা অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামের একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন সোহেল অজ্ঞাতদের আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদ্দাম বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন।