কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম
মাদারীপুরের কালকিনিতে দ্রুতগামী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুর বাড়ি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় রবিন (২২) নামের আরও এক যুবক আহত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘সার্বিক পরিবহন’-এর একটি বাস শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি পৌঁছালে ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি/ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
এদিকে, সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা চালকদের অদক্ষতা ও দ্রুতগতিকে দায়ী করে প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানান।