ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১১:১৪ এএম
রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনীর ট্রাংক রোডস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার ১ হাজার ৬৯৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ জনের বিপরীতে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জনের বিপরীতে ৪ জন ও নির্বাহী সদস্য পদে ৫ জনের বিপরীতে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৪৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৩৫৫ ভোট। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে- হায়দার আলী রাসেল পাটোয়ারী ৪৯০, শরিফুল ইসলাম অপু ৩৩০, মেজবাহ উদ্দিন মিয়াজী ৩২৩, ওসমান গনি রাসেল ২৯৭, এম এ ইমরান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভোটাররা জানান, ১৬ বছর ফেনী রেড ক্রিসেন্টের কোনও নির্বাচন হয়নি। দিনভর কড়া নিরাপত্তার মাধ্যমে ফেনীবাসী একটি সুন্দর নির্বাচন উপভোগ করেছেন। নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, তাদের মাঝে প্রায় সবাই যোগ্য ব্যক্তি ছিলেন। যারা নির্বাচিত হলেন তাদের জন্য অনেক ভালোবাসা ও শুভ কামনা। ভোটারদের নিকট তারা সকল কাজের জন্য দায়বদ্ধ থাকবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, নির্বাচনে ৭ পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিক সহযোগিতা করায় তিনি সকল ভোটার ও প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।