গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২১:৩৫ পিএম
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের শুরুতেই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে তীব্র বেড সংকট। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে ঠাঁই হয়েছে অনেক রোগীর। ফলে স্বজনদের কাটাতে হচ্ছে নির্ঘুম রাত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জন। এর মধ্যে ডেঙ্গু রোগী ১২ জন, ডায়রিয়া নিয়ে ১০ জন এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ২২ জন। রোগীর চাপ রয়েছে বহির্বিভাগেও, প্রতিদিন ৩০০-৪০০ রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নিচ্ছে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু, নারী ও পুরুষ ওয়ার্ডের সব বেড পূর্ণ। করিডোর, প্রবেশপথ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কোনাজুড়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও রোগীর স্বজনরা।
রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসা নিতে এসে বেড সংকটের পাশাপাশি বেশকিছু ওষুধ, টেপ, ক্যানোলা ও নেবুলাইজার মাস্ক বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আর রোগীর অতিরিক্ত চাপ থাকায় হাসপাতালের মেঝেতে বিছানা করতে হয়েছে।
এক শিশু রোগীর মা রোকসানা বেগম বলেন, আমার ছেলেটার নিউমোনিয়া হয়েছে। ডাক্তার ভর্তি করালেও বেড পাইনি। শুধু একটা চাদর দিয়েছে মেঝেতে রেখে চিকিৎসা চলছে। শীতের মধ্যে এভাবে রাখা খুবই কষ্টদায়ক। আর হাসপাতালের পরিবেশও নোংরা ঠিকমতো ঝাড়ু দেওয়া না। এই পরিবেশে গন্ধ খাবারও খাওয়া যায় না।
এদিকে হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল আমীন বলেন, শীত শুরু হওয়ায় ঠান্ডা কাশি, বুকে ব্যথা, নিউমোনিয়া নিয়ে ছোট-বড় সব ধরনের রোগী আসছে। বয়স্কদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তারা বেশি আসছেন। তার মতে শীতে নিয়ম মানতে হবে তবেই সুস্থ থাকা সম্ভব।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, শীত শুরুর সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন ১২০-১৩০ জন রোগী ভর্তি থাকে। এর মধ্যে ডেঙ্গু নিউমোনিয়া, সর্দি-কাশি ও ঠান্ডাজনিত রোগে শিশু, বয়স্ক রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আমাদের ৫০ শয্যা হাসপাতাল হওয়ার কারণে ধারণক্ষমতার তুলনায় রোগী বেশি হওয়ায় বেড সংকট দেখা দিয়েছে।