× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছর পর ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন আজ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ০৯:৩৮ এএম

১৬ বছর পর ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন আজ

দীর্ঘ ১৬ বছর পর ফেনী জেলা রেড ক্রিসেন্টের বহুল প্রতিক্ষিত নির্বাচন আজ শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। ১ হাজার ৬৯৭ জন ভোটারের এ নির্বাচন এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে। সংগঠনের ৭ পদে প্রার্থী হয়েছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টিসহ প্রায় সকল দলের ৩২ জন প্রতিনিধি।

বড় নির্বাচনের ন্যায় স্বেচ্ছাসেবী এ সংস্থার নির্বাচনেও জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। আর প্রার্থীদের মাঝে বাদ-প্রতিবাদ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনাও ঘটেছে। বহু বছর পর ফেনী রেড ক্রিসেন্টের নির্বাচন ঘিরে প্রার্থীদের ভোট প্রার্থনায় সক্রিয় হয়ে উঠেছে যুগের পর যুগ নিরব থাকা সাধারণ ভোটাররা। সব শেষে আজ সন্ধ্যায় জানা যাবে উত্তাপ ছড়ানো এ নির্বাচনে বিজয়ী হচ্ছেন কারা। তবে ভোটাররা বলছেন, এ নির্বাচনে তারা প্যানেল নয়; বরং স্বেচ্ছাসেবী মানসিকতা, সততা, যোগ্যতা ও দক্ষতা দেখে ভোট দেবেন।

নির্বাচন কমিশন সচিব আবদুল মান্নান বলেন, ২০০৯ সালে সর্বশেষ ভোটাভোটির মাধ্যমে ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন হয়েছে। পরবর্তীতে ৩ বছর মেয়াদী এ কমিটির তফসিল ঘোষণার পর সকল পদে একক প্রার্থীরা বিজয়ী হওয়ায় ভোটাভোটির প্রয়োজন পড়েনি। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবেন সংস্থার আজীবন সদস্যরা।

শুক্রবার রাতে তিনি জানান, ভোট গ্রহণের জন্য ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইতোমধ্যে ৬টি বুথ প্রস্তুত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। যেসকল সদস্য ভোটার কার্ড পায়নি তাৎক্ষণিক তাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শনের মাধ্যমে ভোটার করিয়ে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনী তফসিল মোতাবেক ভোটাভোটির মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ফেনী রেডক্রিসেন্ট সোসাইটিতে ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন সেক্রেটারি ও ৫ জন সদস্য নির্বাচিত হবেন। ৭ পদে আজ ৩২ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতার মাঠে সক্রিয় রয়েছেন। তন্মধ্যে ভাইস চেয়ারম্যান পদে জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার ও মুশফিকুর রহমান পিপুল প্রার্থী হয়েছেন। সেক্রেটারি পদে ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন- আ ন ম আবদুর রহীম, সালাহ উদ্দিন মামুন, রশিদ আহমেদ মজুমদার ও ডা. শহীদুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে ৫ জনের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার বলেন, বিগত সময়ে সংস্থার আজীবন সদস্যরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার যেহেতু ভোটের সুযোগ হয়েছে; সবাইকে কেন্দ্রে আসুন। ভোটাধিকার প্রয়োগ করুন। পছন্দের মানুষটিকে নির্বাচিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে এগিয়ে দিন।

সেক্রেটারি প্রার্থী আ ন ম আবদুর রহীম বলেন, নির্বাচনটি ছোট হলেও জেলাজুড়ে এর ভোটার রয়েছে। দীর্ঘদিন পর ভোটের সুযোগ সৃষ্টি হওয়ায় ভোটারদের মাঝে একধরনের আবেগ-অনুভূতি দেখা দিয়েছে। যার কারণে কিছু উত্তাপও আমরা লক্ষ্য করেছি। আমার আবেদনকে গুরুত্ব দিয়ে প্রশাসন ভোটের দিন তাৎক্ষণিক ডকুমেন্ট প্রদর্শনের মাধ্যমে ভোটার কার্ড ইস্যুর পদক্ষেপ নেওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি।

তবে ভোটাররা জানিয়েছেন, নির্বাচনে কে কোন প্যানেল থেকে প্রার্থী হয়েছে তা বিবেচনায় রাখা হচ্ছে না। প্রকৃতপক্ষে যার মাঝে স্বেচ্ছাসেবী মানসিকতা রয়েছে; যারা পূর্ব থেকেই বিপদে আপদে মানুষের পাশে ছিলেন এবং সততা, যোগ্যতা ও দক্ষতার মানদন্ডে উন্নীত হতে পারবেন, তাদেরকেই আমরা নির্বাচিত করতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা