চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৪৪ পিএম
হাজীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ জন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে হাজীগঞ্জ বাজারে কাতার-কানাডা টাওয়ারের ১১ তলায় অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কচুয়া উপজেলার নাসরিন খানম, আঞ্জুমানারা লাকি, শাহানারা বেগম, হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের ফাতেমা, মকিমাবাদের হাসিনা, চিলাচৌ গ্রামের সালমা আহম্মদ, শাহরাস্তি উপজেলার রাগৈই গ্রামের জেসমিন আক্তার, বানিয়াচৌ গ্রামের নিহারা বেগম, বাদিয়া গ্রামের শিরিনা বেগম, মাসুদা বেগম ও নিজমেহার গ্রামের শেলিনা আক্তার।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তার দাবি, জামায়াতের আমির মো. সফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ড করতে গ্রেপ্তাররা গোপন বৈঠকে বসেছিলেন। হাজীগঞ্জ বাজারে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুস সালামের বাসায় ওই বৈঠক হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জামায়াত মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি জানান, পরে তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা করেন থানার উপপরিদর্শক নুরুল আলম। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।