গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম
পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেনÑ নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসা. সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের ফোরকান বয়াতির ছেলে মো. পলাশ বয়াতি (৩০)। তারা ইয়াবার চালান নিয়ে গলাচিপা থেকে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ইয়াবাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।