অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে নওয়াপাড়া ভৈরব নদে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচে ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকাবাইচ উপলক্ষে সকাল থেকে ভৈরব নদের দুই তীর ছিল হাজার হাজার নারী-পুরুষের উপস্থিত। দুপুর ২টায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত এ বাইচ অনুষ্ঠিত হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা ৮ নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ‘জয় মা কালী’ নৌকা প্রথম স্থান অধিকার করে। একই উপজেলার মোবাইল বাচারীর নৌকা দ্বিতীয় স্থান লাভ করে। তৃতীয় স্থান লাভ করেছে মাগুরা জেলার টাইগার নৌকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান ও উপজেলা আমির সরদার শরীফ হোসেন। মোল্যা মো. আশিকুজ্জামান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।