উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২০:২৮ পিএম
কক্সবাজারের উখিয়ায় উপজেলা টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে সরকারি খাস জায়গায় গড়ে ওঠা ২৫০টির বেশি অবৈধ দোকান ও ঘরবাড়ি উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
উখিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিরা সরকারি খাস জমি ও বনের জায়গা অবৈধভাবে জবর দখল করে দোকান ও বসতি গড়ে ব্যবসা পরিচালনা করছিল। এতে বনাঞ্চলের ক্ষতি এবং সরকারি খাস জমির অবৈধ দখল বৃদ্ধি পাচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, সরকারি খাস ও সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পরিবেশ সুরক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।