রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২০:১৫ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এ প্রদর্শনী মেলায় মোট ২২টি স্টল অংশ নেয়। স্থানীয় প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী প্রকল্প, গবেষণা ও স্বনির্ভর প্রযুক্তিভিত্তিক পণ্য প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপসচিব প্রশান্ত কুমার দাশ বলেন, লাগসই প্রযুক্তি দেশের উন্নয়ন কাঠামোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে যেসব উদ্ভাবন হচ্ছে, সেগুলোর বড় অংশই জাতীয় পর্যায়ে পৌঁছানোর সক্ষমতা রাখে। সরকার এখন গ্রামীণ প্রযুক্তি উদ্ভাবকদের উৎসাহ দিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। রায়পুরে এমন আয়োজন স্থানীয় উদ্ভাবনকে চাঙ্গা করে তুলবে এবং প্রযুক্তির ব্যবহার সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করবে।’
বিশেষ অতিথি বিসিএসআইআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মণ্ডল বলেন, উদ্ভাবকদের উন্নত প্রশিক্ষণ ও গবেষণা সুবিধা প্রদানের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওসার।
এ সময় আরও উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশেদ হাসান, রায়পুর উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায় প্রমুখ।