মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২২:১২ পিএম
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে আহত হন অন্তত তিন জন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌরশহরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকেই বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে আসছে। আজ (বুধবার) বিকেলে মোহাম্মদ আলী গ্রুপের বিক্ষোভ সমাবেশ ছিল। বিকেল সোয়া চারটার দিকে বাসস্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুইটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।