× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন, ভিন্ন দাবি পুলিশ-বাস মালিকের

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ০০:৩১ এএম

আশুলিয়ায় শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন, ভিন্ন দাবি পুলিশ-বাস মালিকের

ঢাকার আশুলিয়ায় শ্রমিকবহনকারী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সম্ভার ফিলিং স্টেশনের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী লেনে সিমা-সিমলা এন্টারপ্রাইজ নামক চলন্ত বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাস মালিকের দাবি, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। তবে বাসচালক আগুন দিতে কাউকে দেখেননি। আশুলিয়া থানা পুলিশ বলছে, চালকের সহকারীর অসচেতনভাবে ফেলা দেশলাইয়ের কাঠি থেকে এ ঘটনা ঘটেছে।

বাস মালিক, চালক ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় চন্দ্রাগামী লেনে ডিইপিজেডের শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত চলন্ত বাসটির (ঢাকা-জ ১২৫৩) পেছনের দিকে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাস মালিক সেলিম খান বলেন, ডিইপিজেড পাঁচটায় ছুটি হবে, তাই শ্রমিকদের আনতে বাসটি পলাশবাড়ী থেকে ডিইপিজেডে যাচ্ছিল। ডিইপিজেডের কাছাকাছি পেট্রলপাম্পের সামনে আসার পর ড্রাইভার পেছনের সিটে আগুন দেখতে পান। পেছনের সিটে কেউ আগুন ধরিয়ে দিছে। কীভাবে আগুন দিছে, জানি না। আগুনে এক লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।

বাস চালক রেজাউল বলেন, আগুনের তাপ পেয়ে তিনি পেছনে তাকিয়ে দেখেন, বাসের ভেতরে আগুন জ্বলছে। প্রথমে বাসের পেছনের ছয়টি সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা নয়। তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলে জানান তিনি।

তবে ভিন্ন তথ্য দিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। তিনি বলেন, ঘটনার পরপরই খোঁজ নিয়ে জানা গেছে, চালকের সহকারী চালককে সিগারেট ধরিয়ে দিয়ে অসচেতনভাবে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি বাসেই ফেলে দেন। এতে গ্যাসকিটে আগুন লেগে পরে সিটগুলো পুড়ে যায়। ঘটনার পর চালক ঘটনাস্থলে থাকলেও সহকারী পালিয়ে যান।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের পেছনের দিকের বেশ কিছু আসন পুড়ে গেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা