জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২৩:৪৬ পিএম
মধ্যবিত্ত পরিবারের খামারী চেরাগ মিয়ার জীবিকার একমাত্র ভরসা ছিল তাঁর হাঁসের খামার। প্রায় ৫০০ হাঁসের এই খামার থেকেই সংসার চলত তাঁর। কিন্তু গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অজ্ঞাত ব্যক্তি কর্তৃক হাকালুকি হাওরের পাশের জমিতে দেওয়া বিষ খেয়ে চেরাগ মিয়ার ৩৩৫টি হাঁস মারা যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন এই খামারী। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে চেরাগ মিয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে চেরাগ মিয়ার বাড়িতে গিয়ে তার হাতে এ অনুদান তুলে দেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তারেক রহমানের নির্দেশনায় অনুদান প্রদানের পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন—মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির হোসেন, সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমুখ।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা জানান, ‘গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি তারেক রহমানের দৃষ্টিতে আসে। পরে তিনি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বকে সহযোগিতার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় জেলা যুবদলের নেতৃত্ব চেরাগ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দেয়।’
নিজ জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা জানিয়ে খামারী চেরাগ মিয়া বলেন, ‘১২–১৪ বছর ধরে হাঁস পালন করছি। প্রতিদিনের মতো সেদিনও হাঁস ছেড়ে কাজে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ৩৩৫টি হাঁস মরে পড়ে আছে। পাশের জমিতে কে বা কারা বিষ দিয়েছে বুঝতে পারছি না। খুব দুশ্চিন্তায় ছিলাম। নিপার ভাইর মাধ্যমে তারেক রহমান টাকা পাঠিয়েছেন, এতে খুবই স্বস্তি পেয়েছি। আবার নতুন করে হাঁস কিনে খামার গড়ে তুলতে পারবো।’