কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১১:৩৮ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম
অলংকরণ প্রবা
কুমিল্লার মনোহরগঞ্জে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিলে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা এলাকায় রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম শাওন মিয়া। সে মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাবাড়িয়া গ্রামের মিলন মিয়ার ছেলে ও খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
কুমিল্লার লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আর্জেন্টিনা জয়ের পর রাত ১টার দিকে স্থানীয় ফুটবলপ্রেমীরা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আনন্দ মিছিল বের করেন। মিছিলে শাওনও ছিল। মিছিল করতে করতে খিলা পূর্ব বাতাবাড়িয়া ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর ও জিহাদ গুরুতর আহত হয়েছেন।
লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।