শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২১:৩০ পিএম
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা সোমবার (১৭ নভেম্বর) রাতে শিবচর ৭১ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান,যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লা সাজুসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, আজ বাংলাদেশের কৃষক-শ্রমিক-মেহেনতি মানুষসহ বিএনপি সকলেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে। শেখ হাসিনা হাজারো মায়ের বুক খালি করেছে, তিনি হাজারো ভাই-বোনকে অন্যায়ভাবে গুলি করে মেরেছে। তার সাজার রায় আজ তার বানানো ট্রাইবুন্যালেই হয়েছে। এই রায় বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, আজ সাধারণ মানুষ আনন্দ-উল্লাস করছে। শেখ হাসিনা আইনের শাসনকে ধ্বংস করে এ দেশ থেকে পালিয়েছে। আমরা যেখানেই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীকে পাব, সেখান থেকে ধরে আইনের হাতে তুলে দেব।