চট্টগ্রাম–২ আসন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত কর্নেল বাহারের অনুসারীরা। প্রবা ফটো।
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরকে পরিবর্তনের দাবিতে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও মশাল মিছিল করেছে মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। ‘সংসদীয় আসন চট্টগ্রাম–২ এর দুঃসময়ের ত্যাগী নির্যাতিত নেতা–কর্মী ও সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে আয়োজিত এ মিছিলে হাজারো নেতাকর্মী বাহারের পক্ষে স্লোগান দেন। তবে কর্নেল (অব.) বাহার মিছিলে উপস্থিত ছিলেন না।
এর আগে বিকালে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ মানববন্ধন করেন বিএনপির মনোনয়নবঞ্চিত কর্নেল (অব.) বাহারের সমর্থকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার দীর্ঘদিন ধরে ফটিকছড়ির আওয়ামী-নির্যাতনের সময় ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করেছেন। সংকটময় সময়ে মাঠে থেকে দলের পক্ষে কাজ করায় তৃণমূলের কাছে তিনি একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও যোগ্য নেতা হিসেবে সমাদৃত।
বক্তারা আরও দাবি করেন, দলের হাইকমান্ড যদি প্রার্থী পরিবর্তন না করে, তাহলে চট্টগ্রাম–২ আসন বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।