সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২১:১২ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২১:১৬ পিএম
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫জন নিহত হয়েছে। এসময় আরও ২০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিডিএম লোকাল বাসটি বটতলা এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়ানো একটি ড্রামট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
বাসের বেঁচে যাওয়া যাত্রী মাসুদ বলেন, বেপরোয়া গতির বাসটি হঠাৎ এলোমেলোভাবে বাঁক দিতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপরই বাসসহ আমরা খাদে পড়ে যাই। এ সময় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় সেখানে একজন মারা যান।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. শারমিন জানান, অন্তত ২০ জন আহত রোগীকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই মাথায় আঘাতপ্রাপ্ত এবং অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত পাঁচজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম কামাল, তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া, অন্যজন সাহা আলম, তার বাড়ি কুমিল্লায়। তিনি চট্টগ্রামের ইয়াং ওয়ান কারখানায় চাকরি করতেন। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। এদের মধ্যে ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ, রিঙ্কু ও অর্ণবের মিঠাছড়া, জাহাঙ্গীরের ফেনি, নয়ন ও রুকন রানী নাথের সীতাকুণ্ডের জিপিএইচ এলাকায়। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
কুমিল্লা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মধ্যে চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। অন্যজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। নিহতরা সবাই পুরুষ।