× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোট নিয়ে বিএনপির সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে : রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

জোট নিয়ে বিএনপির সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে : রাশেদ খাঁন

বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট নিয়ে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান সহ বিগত দিনগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ যুগপৎ আন্দোলন করে গেছে। বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের।’

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। মূলত, ফ্যাসিস্ট হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো সব সময় পারস্পরিক আলোচনা চালিয়ে যাচ্ছে।’

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলোর মধ্যে বিভাজনের কারণে জনগণের মাঝে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছে। তারপরও রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষ এই সরকারের ওপর আস্থা রাখতে পারছেনা।’

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নিতে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপির তৎকালীন নেতৃবৃন্দ সহ রাজনৈতিক দলগুলো একই সুরে কথা বলেছিলাম। ফ্যাসিস্ট হাসিনার পতনে আমরা সকল দলের মতপার্থক্য ভুলে একসাথে লড়াই করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজ একেক দল একেক রকম কথা বলছে। একেক দল একেক রকম বক্তব্য দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচন নিয়ে সংশয় বাড়বে। আর যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারব না।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য এই সরকারকে আমাদের সবার সহযোগিতা করা উচিত। আগামী নির্বাচন আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন।’

এর আগে বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ডাকবাংলা বাজারে গণসংযোগ করে জেলা গণঅধিকার পরিষদ। এসময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা