ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দল ও আসাদ মেম্বারের দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে থাকলে আসাদ মেম্বারের দলের লোকজন শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক দেখা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হলে সাউন্ড বক্স বন্ধ করাতে পুলিশকে খবর দেওয়া হয়।
এর জেরে রবিবার সকালে মনি মোল্লার লোকজন আসাদ মাতুব্বরের দলের সদস্য জাফর মাতুব্বরকে মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’