রংপুর অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৩:১৭ পিএম
রংপুরে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর এসকেএসের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ রংপুর নগরীর পাকপাড়ার আজিজুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভাংরী মালামালের ব্যবসায়ী রাশেদ শনিবার ভোরে মোটরসাইকেলে করে লালমনিরহাট কাকিনার দিকে যাচ্ছিলেন। তিনি এসকেএসের বাজারের কাছে এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওসি বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, শীতের কারণে তিস্তা নদী এলাকায় কুয়াশা পড়ে, সে কারণে দুর্ঘটনা ঘটতে পারে কিংবা মোটরসাইকেল জোরে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।