× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ

কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১০:২১ এএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১২:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে ঢাকা-বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে অবরোধ করা হয়েছে। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। 

রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের গোপালপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন আওয়া মীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

চার ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর কালকিনি ও ডাসান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছের গুড়ি অপসারণ করলে যান চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাটডাউন কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমান্তবর্তী গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে সকাল ৬টা থেকে অবস্থান নিতে শুরু করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় যন্ত্রের সাহায্যে ১৫ থেকে ২০টি গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে। এতে উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শাটডাউন কর্মসূচিতে মহাসড়কের একটি ভ্যানকে মঞ্চ বানিয়ে হ্যান্ডমাইকে বক্তব্য দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। এ সময় তারা বলেন, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনূস সরকারের বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি চলছে। এ সময় অবরোধ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তারা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা কাটাগাছগুলো অপসারণ করেছি। সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল শুরু হয়েছে।’

দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকার প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগের লোকজন একাধিক বড় বড় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে। তাই গাছগুলো অপসারণ করতে সময় বেশি লেগেছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা