× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম

ফেনীতে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘পতিত স্বৈরাচার আবার বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুইদিন আগে লকডাউনের নামে গাড়িতে আগুন দিয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছে। স্বৈরাচাররা গত ১৭ বছর শত শত মানুষকে হত্যা করছে। সরকার পতনের একদিন আগে আমাদের ফেনীতে ১৪ জনকে গুলি করে হত্যা করছে। পরদিন তারা পালিয়েছে। মানুষ রক্তের বিনিময়ে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু তারা এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে কিভাবে দেশকে ধ্বংস করা যায়। আমাদেরকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এদেশে আর কোন স্বৈরাচারকে আসতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘৭১ সালে যে উদ্দেশে দেশ স্বাধীন করা হয়েছিল সে উদ্দেশ্য এখন পর্যন্ত সফল হয়নি। এখনও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেখানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। আমার দৃঢ বিশ্বাস, এমন সরকার প্রতিষ্ঠা হবে যে সরকার জনগণের অধিকার ফিরিয়ে আনবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার ও শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক। তিনি বলেন, ‘আমরা বার বার আশাহত হই। সরকার যায়, সরকার আসে কিন্তু আমরা যে আশায় রক্ত দিই তা আর পূরণ হয় না। আমরা একাত্তরে দিয়েছি। কিন্তু ৫৪ বছরে জনআকাঙ্খা পূরণ হয়নি। গত ১৭ বছর মানুষ ছিল, কিন্তু কথা বলার স্বাধীনতা ছিল না। মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। গত বছরের জুলাইয়ে আমরা মানুষের ক্রোধ দেখলাম মানুষ কি করতে পারে। তো আমরা চাই, আর যেন জুলাই নেমে না আসে। আগামী নির্বাচনে যারাই আসুক তারা যেন আবার পূর্বের মত না হয়। আমরা চাই আমাদের যেন বার বার রক্ত না দিতে হয়।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ, ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মেজবাহ উদ্দিন সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ফেনী জেলা শাখার সভাপতি হীরালাল চক্রবর্তী ,এবি পার্টির জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক,এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক,ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, দ্যা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর রাসেল আহমেদ,সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক কবি ইকবাল চৌধুরী,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন,ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আনোয়ার,ভাসানী পরিষদের সভাপতি এডভোকেট সমির কর, সুজন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান লিটন,পরশুরাম উপজেলা শাখার সভাপতি ইউছুপ বকুল ও ফেনী পৌর শাখার সভাপতি  জাহিদ হোসেন বাবলু।

সুজন ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় সুচনা বক্তব্য রাখেন সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা