চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১১:২০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৩:২০ পিএম
জামায়াতে যোগদান বিএনপির নেতাকর্মীর
চুয়াডাঙ্গায় ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৫৩ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে জেলা সদরের আলোকদিয়া আকন্দবাড়িয়া গ্রামে একটি স্কুল মাঠে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলের কাছ থেকে ফুলের মালা, ফুল নিয়ে ও হাতে হাত রেখে যোগদান করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়া আর মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন ও সেবক হওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। কোনও মানুষ যেন পিছিয়ে না পারেন। এলাকার উন্নয়নে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকব। আমরা জুলুম, নির্যাতন, দখলবাজিতে বিশ্বাসী নয়। আজকে যে সকল বন্ধুরা জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে সাথে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, আলোকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম লিটন।