চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৮:১২ পিএম
চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্তর্জাতিক ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এই উপলক্ষে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সূজত পালের সভাপতিত্বে বৈজ্ঞানিক সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন শরীফ।
কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. এ এম এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শেখ আহমেদ, চমেক ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম, মেরিন সিটি মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত। এছাড়াও সভায় সকল বিভাগের শিক্ষক, চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সভায় ফিজিকেল মেডিসিন এর চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং মেডিসিন, সার্জারী, গাইনী, শিশু সহ অন্য বিষয়ের রোগীদের চিকিৎসায় ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ভূমিকা নিয়ে বক্তাগণ আলোকপাত করেন। সভা শেষে এই দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।