আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৫২ পিএম
বাসে আগুন
বরগুনার আমতলীতে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর শহরের ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর বন্দরের শহীদ দেওয়ান দীর্ঘ ২৫ বছর ধরে পরিবহন ব্যবসা করছেন। তার মেয়ে স্বর্ণার নামে তৈরি বাসটি বরিশাল-কুয়াকাটা সড়কে চলাচল করতো। ঘটনার সময় ফেরিঘাট সড়কে ৮টি বাস পার্কিং করা ছিল। সামনের অবস্থানে থাকা স্বর্ণা পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই পুরো গাড়িটি দগ্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আরও বড় ক্ষতি হতো।
বাস মালিক শহীদ দেওয়ান অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা আমার জীবনের সঞ্চয় পুড়িয়ে দিয়েছে।
তার ছোট ভাই ইউপি সদস্য ও বিএনপি নেতা বাতেন দেওয়ান বলেন, পরিকল্পিতভাবেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। আমি বিএনপি করি বলেই আমাদের বাসে আগুন দেওয়া হয়েছে।
বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক অহিদুজ্জামান সজল মৃধা জানান, মালিক সমিতির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা চলছে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি ও সগির মল্লিককে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।