× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় শীতকালীন সবজি বাজারে এলেও দামে স্বস্তি নেই

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৪:২৮ পিএম

বগুড়ায় শীতকালীন সবজি বাজারে এলেও দামে স্বস্তি নেই

বগুড়ায় শীতকালীন সবজির মৌসুম শুরু হলেও বাজারে এখনো স্বস্তি ফেরেনি দামে। সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহে বেগুন, পটলসহ বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আগাম শীতকালীন সবজি বাজারে উঠলেও প্রতিদিনই দাম ওঠানামা করছে। পেঁয়াজের ঝাঁজ কমেনি, কাঁচা মরিচের ঝালও বেড়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাজার মনিটরিং জোরদার ও সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের ঘাটতির কারণেই দাম বেশি, কয়েকদিন পর সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সরেজমিন বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে  শীতকালীন সবজির মৌসুম শুরু হয়েছে প্রায় এক মাস আগে। মাঠে উৎপাদন শুরু হলেও বাজারে সরবরাহ পর্যাপ্ত নয়। ছুটির দিনে ভিড় বাড়ায় চাহিদা আরও বেড়েছে, কিন্তু সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়তে থাকে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় প্রতিটি সবজির দামই বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন ও পটলের দাম।

বাজারে সবজির সর্বশেষ খুচরা দামÑ বেগুন ৬০ থেকে ১৪০ টাকা, পটল ৬০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৭০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা, করলা ৮০ টাকা, সিম ১০০ থেকে ১৬০ টাকা, পেপে ৩০ টাকা, ঝিঙে ৫০ টাকা, বাইকচু ৪০ টাকা, মিষ্টি লাউ ৪০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, আলু ২০ থেকে ২২ টাকা কেজি।

নিত্যপণ্যের দাম বাড়ায় বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

রাজাবাজারে বাজার করতে আসা শ্রমজীবী বিমল চন্দ্র বলেন, আমরা দিন আনি দিন খাই। দিনে ৫০০ টাকা রোজগার করে বাজারে এলে হতাশ হতে হয়। সবকিছুর দামই বাড়তি। এভাবে চললে আমাদের কষ্টই বাড়বে।

একই বাজারে আসা বেসরকারি চাকরিজীবী গোলাম কবির বলেন, ছুটির দিনে বাজারে এলে মাথা ঘুরে যায়। সবজির দাম একসঙ্গে বেড়ে গেছে। সংসার চালাতেই সমস্যা হচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার থেকেই সবজির দাম বেশি আসছে। পরিবহন ভাড়া, শ্রমিক খরচসহ অতিরিক্ত ব্যয় বাড়ায় শেষ পর্যন্ত চাপ পড়ছে ক্রেতাদের ওপর।

রাজাবাজার ব্যবসায়ী ও আড়তদার সমিতির উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ বলেন, শীতকালীন মৌসুম শুরু হলেও বাজারে এখনও সরবরাহ বাড়েনি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে সরবরাহ বাড়লে দ্রুত দাম কমে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা