নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৬:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ মান্নান বলেছেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমি যদি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হতে পারি, নবীনগর উপজেলায় দুর্নীতির আখড়া ভেঙে দেব।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট আলমগীর। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান।
এডভোকেট মান্নান বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে সম্মানিত করেছেন। আমি আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে দোয়া চাই। দীর্ঘ ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি— এবার সেই সুযোগ এসেছে। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে নবীনগরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক— সব কিছু নির্মূলে সর্বোচ্চ ভূমিকা রাখব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোনাব্বর হোসেন এবং শিক্ষক প্রতিনিধি আলী আশরাফ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল হাসান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন, সহসভাপতি ইলিয়াস হোসেন, দেলোয়ার কমিশনার, শ্রম সম্পাদক আবুল হোসেন, মহিলা নেত্রী লাকী আক্তারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষা ও খেলাধুলা একে অপরের পরিপূরক। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।
শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সনদ তুলে দেন।