গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৭ এএম
গাজীপুর সদর উপজেলায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। তারা নাশতার সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বানিয়ারচালা গ্রামের বাবুল হোসেনের ছেলে আকাশ মাহমুদ (২৫), ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক ও একই এলাকার মোতালেব শেখের ছেলে রাসেল আহম্মেদ (৩২)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাস্টিকের চিকন পাইপ উদ্ধার করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।