ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৪:০৪ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় সাঈদ শেখ (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাঈদ শেখ ওই গ্রামের মিরাজ শেখের ছেলে।
বুধবার (১২ নভেম্বর) সকালে ভাঙ্গা পৌরসভার আতাদী গ্রামের রেললাইনের ওপর কিশোরের মরদেহ পাওয়া যায়। জীবিকার তাগিদে সে ভ্যান চালাত। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর সাঈদকে রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরদিন সকালে স্থানীয়রা রেললাইনের পাশে এক যুবকের মরদেহ দেখতে পান। কাছে গিয়ে তারা নিশ্চিত ন-মরদেহটি সাঈদ শেখের। এলাকাবাসীর ধারণা, রাতের কোনো এক সময় অজানা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন ভাঙ্গা বামনকান্দা স্টেশনমাস্টার সাকিব আকন্দ। তিনি জানান, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাঈদের মৃত্যু হয়। ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
এলাকাবাসীর বক্তব্য ও স্টেশন মাস্টারের বক্তব্যের মধ্যে এই বিরোধ তৈরি হওয়ায় আতাদী গ্রামে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন-রাতেই কি দুর্ঘটনাটি ঘটে, নাকি সকালে ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক মৃত্যু হয়? রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।