ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম
ফেনী-২ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ভিপি জয়নাল আবেদীন বলেছেন, অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনে জয়ী হলে নিজের জন্য কিছু করবেন না বলে ঘোষণা দেন তিনি। শেষ বয়সে আর নিজের জন্য করার কিছু নেই উল্লেখ করে জনগণ ও দলের নেতাকর্মীদের জন্য জীবন উৎসর্গ করার ঘোষণা দেন। চতুর্থবারের মতো সংসদে যেতে পারলে সমস্যা চিহ্নিত করে ফেনীকে নতুন করে সাজানোর অঙ্গীকার করেন। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাদের দল থেকে বের করে দেওয়ার অনুরোধ করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ফেনী সদর উপজেলা বিএনপি ও ফেনী পৌর বিএনপিসহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ইস্পাত কঠিন ঐক্য গড়ার আহ্বান জানান।
প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ধানের শীষের প্রার্থী বিষয়ে কোনো আপস হবে না। দলের সিদ্ধান্ত মেনেই সবাইকে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জেলার তিনটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করা সবার দায়িত্ব।
এদিকে ধানের শীষের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নানা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, আগামীতে তাদের অবস্থান বিএনপিতে হবে না বলেও হুঁশিয়ারি দেন। জেলার তিনটি আসনে দলের প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে ফেনী-২ আসন নির্বাচনী এলাকার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড বিএনপিসহ অঙ্গসংগঠন এবং জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে যোগ দেননি জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ যুগ্ম আহ্বায়করা।
ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সেক্রেটারি এস এম কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাতসহ বিভিন্ন ইউনিটের নেতারা।