শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৫:৫১ পিএম
শেরপুরে রাতে মশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের ব্যানারে গত রাতের কোনো এক সময় মিছিলটি বের হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ মিছিল করে জেলা ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় ভেরিফাইড পেইজে দেখা যায়, ১০ নভেম্বর রাতের মিছিলটি ৩৮ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।
এরপর রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকে এবং মিছিলটি ২৪ সালের সংসদ সদস্য সানোয়ার হোসেন সানুর নেতৃত্বে হয়েছে বলে উল্লেখ করেন।
তাৎক্ষণিক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ মিছিল করেন ছাত্রদল।
নাঈম হাসান উজ্জ্বল বলেন, শেরপুরে ভাতশালা ইউনিয়নে পিটিআই-এর সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক ভাতশালা ইউনিয়নে জোড়াপাম্পের সামনে শেরপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান; শান্তিপ্রিয় শেরপুর জেলাকে অশান্ত করার চেষ্টা করলে শেরপুর জেলা ছাত্রদল একবিন্দুও ছাড় দেবে না।’
এই বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।