নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১০:০৫ এএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মো. মিলনের ছেলে মাহমুদুর হাসান শোয়েব (২৩) এবং শাহ আলমের ছেলে ফরহাদ আহমেদ ফাহিম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে শোয়েব ও ফাহিম চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বগাদিয়া এলাকায় হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে তাঁরা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শোয়েব মারা যান, আর গুরুতর আহত ফাহিমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই তরুণের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস।
প্রতিবেশী মেহেদী হাসান বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে অসচেতনতা ও অবহেলার কারণে। বেপরোয়া গতি, হেলমেট ছাড়া চলা, সড়ক নিয়ম অমান্য, রাস্তায় বাধা রাখা—সবই মৃত্যুর মিছিলে নতুন নাম যোগ করছে। অল্প বয়সে সন্তানদের হাতে বাইক তুলে দেওয়াও বড় বিপদ। এখনই আমাদের সচেতন হতে হবে, রাস্তায় অবৈধ কিছু দেখলে প্রতিবাদ করতে হবে—না হলে এমন দুর্ঘটনা আমাদের বারবার কাঁদাবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা তদন্ত করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।