রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিরাজগঞ্জ সিডিপি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজার হেলথ্ কে এম আবুল ফাত্তাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারিয়া তাসমিন, মেডিকেল অফিসার এ কে এম নাজির আলীসহ অন্য কর্মকর্তারা।
ক্যাম্পেইনে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, চোখ ও দাঁতের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে মোট ১৮১ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি ৪৩০ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে।
আয়োজকরা জানান, এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।