হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২১:২৪ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে ফেনসিডিল বহনের অভিযোগে চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘বাংলাদেশ আমার অহংকার’ প্রতিপাদ্যে নিরলসভাবে অভিযান পরিচালনা করে গত শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ঢাকা মোড়সংলগ্ন রোজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বাহিনীটি অভিযান চালিয়ে মহিলা র্যাব সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশির করে গ্রেপ্তারকৃত চারজনের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিজনের কাছে ৬০ বোতল করে মোট ২৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেনÑ মোছা. রিনা (৩৫) ইশিকা আক্তার (১৯) মোছা. রাজিয়া খাতুন (৩৪) শাহিনুর বেগম (৪০), সকলের বাড়ি হাকিমপুর থানার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন অভিনব কৌশলে ফেনসিডিল পরিবহন ও ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে জব্দকৃত ফেনসিডিলসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।