রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় নিহত কৃষক দল নেতা ওমর ফারুক ও ফরিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন হাজারো মানুষ। রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের উপস্থিতিতে শোকের আবহে চারদিক নীরব হয়ে যায়। জানাজায় মানুষের ঢল নামায় পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. আব্দুস সামাদ, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, সদস্য রাহিত মান্নান তালুকদার লেনিনসহ উপজেলা ও থানা বিএনপি এবং জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতারা নিহত দুই কৃষক দল নেতার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রো মিলের সামনে ট্রাকচাপায় চান্দাইকোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় রায়গঞ্জজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।