রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম
বাগেরহাটের রামপালে নালিশি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় জমির প্রকৃত মালিকানা রক্ষার দাবিতে ভুক্তভোগী পক্ষ ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছে।
ভুক্তভোগী আলেয়া বেগম ও সালেহা বেগম অভিযোগে জানান, তাদের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ মোহাম্মদ আলী শেখ ও সোয়াইন শেখ জোরপূর্বক দখল করে নিয়েছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা দলবদ্ধভাবে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে ওই জমিতে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন।
তাদের দাবি, প্রায় ১ একর ৬৬ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ওই জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা ও সালিশ বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও প্রতিপক্ষ তাতে রাজি হয়নি। বরং তারা নানা হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী শেখ বলেন, আমার ফুফু সাড়ে ৮ শতাংশ জমি বিভিন্ন দাগ থেকে পাবেন। কিন্তু তারা অতিরিক্ত জমি দাবি করছেন, যা ঠিক নয়। রামপাল সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।