দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২১:১৬ পিএম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আগামী ৫০ বছর আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য এ দেশে থাকবে না। আওয়ামী লীগকে শক্ত হাতে দমন করা হবে।
কারও তাবেদারি করার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। ‘এ দেশ স্বাধীন দেশ। কারো চোখ রাঙানিকে আমরা ভয় করি না।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে দাউদকান্দি পৌরসভায় ড. মারুফ ভিলায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
তিনি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষের ভালোবাসায় ও কল্যাণে ক্ষমতায় এসেছিলেন। তিনি তলাবিহীন ঝুড়ি একটি দেশকে উন্নয়নের পথে আনলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। অনন্য অবদানে বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্ম। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল।
ড. মারুফ হোসেন বলেন, ৭ম বারের মতো এ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে নমিনেশন পেয়েছেন। তার সমকক্ষ এই আসনে নেই। তিনি আপনাদের গর্ব। আপনারা ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে গর্ববোধ করতে পারেন।
পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব জামাল হোসেন মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ওই অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।